রাজশাহী জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক হলেন লাভলু-আয়েন
নিজস্ব প্রতিবেদক, বাঘা:
রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে চার সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক করা হয়েছে আবদুল ওয়াদুদ দারাকে।
কমিটিতে সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে কেন্দ্রীয় নেতারা কারও নাম ঘোষণা না করলেও যুগ্ম-সম্পাদক-১ হিসেবে লায়েব উদ্দিন লাভলু ও যুগ্ম-সম্পাদক-২ হিসেবে আয়েন উদ্দিনের নাম ঘোষণা করেন।
লায়েব উদ্দিন লাভলু ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত। তিনি বিদায়ী কমিটির যুগ্ম-সম্পাদক ছিলেন। বর্তমানে বাঘা উপজেলা পরিষদের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত চেয়ারম্যান।
আর আয়েন উদ্দিন বিদায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বর্তমান সাংসদ। আয়েন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ওয়ান-ইলেভেনের সময় নেত্রী মুক্তির আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে নেতৃত্ব দেয়ায় জেলে যেতে হয় তাকে।
রোববার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এ কমিটি ঘোষণা করেন।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ।
এর আগে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।##

No comments