Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

     

    চারঘাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 


    নিজস্ব প্রতিবেদক চারঘাট:

    রাজশাহীর চারঘাট উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চারঘাট উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।


    শনিবার (৭মার্চ) বিকেলে চারঘাট উপজেলার একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

    সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা আমীর মাস্টার মোঃ আব্দুল কালাম আজাদ।


    প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ নাজমুল হক বলেন, গণমাধ্যম সমাজের অন্যতম শক্তিশালী স্তম্ভ। সাংবাদিকদের কলমের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র মানুষের সামনে তুলে ধরা সম্ভব হয়। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসঙ্গতি, অনিয়ম ও সম্ভাবনাগুলো সামনে আসে। এজন্য সাংবাদিকদের দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

    চারঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মোঃ আব্দুল কালাম আজাদ বলেন, চারঘাট উপজেলার উন্নয়ন, সম্ভাবনা এবং বিভিন্ন সমস্যার বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতায় এলাকার সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা সম্ভব হয়। ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


    মতবিনিময় সভায় চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সব সময় সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে কাজ করে। স্থানীয় পর্যায়ে উন্নয়ন, মানুষের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সহায়তা করে। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব।


    চারঘাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (সনি) বলেন, সাংবাদিকদের কাজের ক্ষেত্রে অনেক সময় নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। তবুও পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করেন। তিনি বলেন, স্থানীয় সমস্যাগুলো সমাধানে প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


    সাংবাদিক ওবায়দুর রহমান তার বক্তব্যে বলেন, গণমাধ্যম সমাজের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করে মানুষের কথা তুলে ধরেন। তিনি বলেন, তথ্যপ্রাপ্তির সুযোগ সহজ হলে সাংবাদিকরা আরও কার্যকরভাবে কাজ করতে পারবেন। পাশাপাশি সমাজের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


    মতবিনিময় সভায় উপস্থিত অন্যান্য সাংবাদিকরাও চারঘাট উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা, উন্নয়ন কার্যক্রম, স্থানীয় জনজীবনের নানা বিষয় এবং বর্তমান সময়ে গণমাধ্যমের নানা চ্যালেঞ্জ নিয়ে তাদের মতামত তুলে ধরেন। এ সময় দায়িত্বশীল সাংবাদিকতা, পারস্পরিক সহযোগিতা এবং সমাজের কল্যাণে একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


    সভায় চারঘাট উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে সুন্দর পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।


    অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত সাংবাদিকদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিভিন্ন ইসলামী বই উপহার হিসেবে বিতরণ করা হয়।#

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728