চারঘাটে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার পোড়ানো ও চুরির অভিযোগ
![]() |
| চারঘাটে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার পোড়ানো ও চুরির অভিযোগ |
নিজস্ব প্রতিবেদক, চারঘাটঃ
রাজশাহীর চারঘাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হকের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়া, ছিঁড়ে ফেলা ও চুরির অভিযোগ উঠেছে। ঘটনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির চেষ্টা বলে দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
গত শনিবার ৩১ জানুয়ারি উপজেলার সরদহ ও ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি রায়হানুল হক ও আনারুল ইসলাম পৃথকভাবে চারঘাট উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকরা বাজারের উত্তর প্রান্তে তিন রাস্তার মোড়ে কালভার্টের কাছে রাতের অন্ধকারে কে বা কারা অধ্যক্ষ মো. নাজমুল হকের দাঁড়িপাল্লা প্রতীকের একটি ব্যানারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। একই বাজারের দক্ষিণ পাশে বিএনপির নির্বাচনী অফিসের নিকটে আরেকটি ব্যানার মাঝখান দিয়ে কেটে নষ্ট করা হয়। এছাড়া ডাকরা বাজারের সেন্টার মোড় থেকে একটি ফেস্টুন চুরি হয়ে গেছে।
অপরদিকে সরদহ ইউনিয়নের পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ের পাশে টাঙানো দাঁড়িপাল্লা প্রতীকের একটি ফেস্টুনে আগুন ধরিয়ে দেওয়া হয়। ধর্মহাটা ফকিরের মোড়ে রুহুল আমিনের বাড়ির পাশ থেকে একটি ব্যানার ও ফেস্টুন চুরি করার অভিযোগও পাওয়া গেছে।
![]() |
| অভিযোগপত্র |
স্থানীয় জামায়াত নেতারা বলেন, এসব ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল হয় এবং প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হকের প্রচারণা বাধাগ্রস্ত হয়। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


No comments