Header Ads

  • সর্বশেষ খবর

    পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক, কোনো গণ্ডিতে সীমাবদ্ধ নয় — এমপি আবু সাইদ চাঁদ

     

    পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক, কোনো গণ্ডিতে সীমাবদ্ধ নয় — এমপি আবু সাইদ চাঁদ

    বিশেষ প্রতিনিধি, রাজশাহী

    রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, পহেলা বৈশাখ কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বাঙালির সার্বজনীন উৎসব, যা সম্প্রীতি, সহনশীলতা ও সহাবস্থানের অনন্য প্রতীক।


    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলায় আয়োজিত বৈশাখী শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “পহেলা বৈশাখ বাঙালির অস্তিত্বের এক মহাকাব্যিক জয়গান। এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিচ্ছবি। এই উৎসব আমাদের মধ্যে ঐক্য, স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে।”

    এবারের বৈশাখী শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল— ‘নববর্ষের ঐক্য, গণতন্ত্রের পুনরুত্থান’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তি, সম্প্রীতি ও সর্বজনীন সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে বাঘা উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।


    সকাল সাড়ে ৯টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

    পরবর্তীতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন এমপি আবু সাইদ চাঁদ। মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


    উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের অতীতের গৌরবকে স্মরণ করিয়ে দেয় এবং ভবিষ্যতের একটি বৈষম্যহীন, উন্নত ও প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা জোগায়।”


    এসময় আরও বক্তব্য রাখেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।


    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার সাবিহা সুলতানা ডলি, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংবাদিক আব্দুল লতিফ মিঞাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


    আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৃত্য, দলীয় সংগীত, লোকসংগীত এবং ঐতিহ্যবাহী লাঠিখেলা পরিবেশিত হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।


    পরে এমপি আবু সাইদ চাঁদ শাহদৌলা সরকারি কলেজের বৈশাখী অনুষ্ঠানেও যোগ দেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হয়, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728